চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আইএস, আল- কায়েদা ও তালেবান স্টাইলে যারা মায়ের বুক খালি করে তাদের সাথে কোনো সংলাপ হবে না, হতে পারে না। ২০১৯-এ ২৯ জানুয়ারির ৯০ দিন আগে নির্বাচন হবে। সেই নির্বাচন পর্যন্ত খালেদা জিয়াকে অপেক্ষা করতে হবে।’
গতকাল মঙ্গলবার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে ২৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার এই মেলার আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের ১২ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না করলে তৃতীয় শক্তির কাছে অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল হয়ে যেত। অথচ সেই নির্বাচন যাতে না হয় সে জন্য সব প্রচেষ্টা করেছেন খালেদা জিয়া। থাইল্যান্ডে নির্বাচন করতে না পারায় সামরিক শাসন হয়েছে।’
খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘নিজের ছেলের লাশ সামনে রেখেও হরতাল-অবরোধ দিয়েছেন তিনি। হরতালটাকেও খালেদা জিয়া ভোঁতা করে দিয়েছেন। অবরোধের নাম করে নিজেকে নিজে অবরুদ্ধ করেছেন। আর সাধারণ মানুষকে অগ্নিদগ্ধ করে বার্ন ইউনিটে পাঠাচ্ছেন খালেদা জিয়া।’
অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রামকেন্দ্রিক উন্নয়নের বর্ণনা দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের সবকিছু চট্টগ্রামে হবে। গ্যাস সরবরাহ বাড়াতে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে চট্টগ্রামে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এই টার্মিনাল হলে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করা যাবে। কুনমিং থেকে মিয়ানমার ও বাংলাদেশ হয়ে দিল্লি পর্যন্ত অর্থনৈতিক করিডর চুক্তি সই হবে শিগগির। মাতারবাড়িতে ৩৬ হাজার কোটি টাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর, চট্টগ্রাম বন্দর সম্প্রসারণসহ অনেক কর্মসূচি নেওয়া হয়েছে।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বছরের প্রথম দিন থেকে রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছি আমরা। এর সঙ্গে যোগ হয়েছে পেট্রলবোমায় মানুষ হত্যা। এ থেকে মুক্তি চাই আমরা।’ চট্টগ্রামে গ্যাস-সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে গ্যাস আমদানি হলে চট্টগ্রামের শিল্প-কারখানা উপকৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলা চত্বরে বেলুন উড়িয়ে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।