চট্টগ্রামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কাজীর দেউরির আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা আজ সোমবার শুরু হচ্ছে। এবারের মেলার মূল স্লোগান ‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার’। তবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও বিজয় শিখা প্রজ্বালন করা হবে ১০ ডিসেম্বর।
গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের মহাসচিব আহমদুর রহমান সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ ডিসেম্বর বিজয় মেলার মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। মেলার বিজয় মঞ্চে প্রতিদিন বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণা করবেন। এ ছাড়া উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কো-চেয়ারম্যান বদিউল আলম ও মোজাফফর আহমেদ, আরেক মহাসচিব মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন প্রমুখ।