চট্টগ্রামে মিছিল, ট্রেন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাসহ দেশজুড়ে গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে চট্টগ্রাম নগরে গতকাল সোমবার আধা বেলা হরতাল পালিত হয়েছে। তবে হরতালে নগরের বেশির ভাগ এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের ডাকে এ কর্মসূচি পালন করা হয়। হরতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়, আমতলী, বটতলী স্টেশন ও পুরোনো বটতলী স্টেশন এলাকায় হরতালের সমর্থনে গতকাল সকালে পিকেটিং করেন প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের কয়েক দফা কথা-কাটাকাটি হয়। এসব এলাকায় সকালে যানবাহন কম চলেছে। হরতাল শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। নিউমার্কেট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়।

চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শিমুল কান্তি বৈষ্ণব ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অটল ভৌমিক, ছাত্রফ্রন্টের নগর শাখার সভাপতি তাজ নাহার ও ছাত্র ফেডারেশনের নগর শাখার সভাপতি ফরহাদ জামান।

সমাবেশে বক্তারা দাবি করেন, সারা দেশে নারী ও শিশুর ওপর সহিংসতা দিন দিন বেড়ে চলছে। তদন্তের নামে তনু হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও তাঁরা অভিযোগ করেন। নিরাপদ বাংলাদেশের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, হরতাল-সমর্থকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করতে চেয়েছিলেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করে।

নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী সকাল আটটার শাটল ট্রেনটি এক ঘণ্টা অবরোধ করে রাখেন প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।