চট্টগ্রামে মিছিলের সব হাত ঊর্ধ্বমুখী আর মুষ্টিবদ্ধ
এক পা দুই পা করে এগিয়ে এসে কালো পিচঢালা প্রান্তর ভরে উঠেছে সন্ধ্যার আগেই। তার পরও মিছিল আসছিল, আসছিল নারী-পুরুষ, আসছিল আবালবৃদ্ধবনিতা। মিছিলের সব হাত ঊর্ধ্বমুখী আর মুষ্টিবদ্ধ। যেন ‘ভি’ চিহ্ন প্রদর্শনকারী কুখ্যাত রাজাকার কাদের মোল্লার প্রতি তাদের হুঁশিয়ারি। কণ্ঠে তাদের মুক্তিযুদ্ধের স্মৃতিজাগানিয়া সব স্লোগান, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। এসব স্লোগান ছাপিয়ে মুখ্য হয়ে উঠছে কয়েকটি শব্দ—‘ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই।’যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব রাজাকারের ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো প্রতিবাদমুখর ছিল চট্টগ্রামের প্রেসক্লাব চত্বর ও জামালখান সড়ক। জাগরণের গান, আবৃত্তি, কথামালা আর স্লোগানে স্লোগানে তরুণ প্রজন্ম বলেছে, ‘আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।’ গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে মহিউদ্দিন চৌধুরী প্রেসক্লাব চত্বরের প্রতিবাদী সমাবেশে আসেন। কিছুক্ষণ পর সংহতি প্রকাশ করে বক্তব্য দেওয়ার জন্য তাঁর নাম ঘোষণা করা হলে হাজার হাজার প্রতিবাদী তরুণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বলতে থাকেন, কোনো রাজনৈতিক নেতার এখানে বক্তব্য দেওয়া চলবে না।এ সময় বিক্ষুব্ধ তরুণেরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ স্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো প্রেসক্লাব চত্বর। একপর্যায়ে মহিউদ্দিন চৌধুরীও মাইকে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই’ স্লোগান দিয়ে সমাবেশস্থল ত্যাগ করেন।এর আগে গতকাল বিকেল তিনটায় উদীচী ও চারণ শিল্পী গোষ্ঠীর গণসংগীতের মধ্য দিয়ে তৃতীয় দিনের মতো শুরু হয় সমাবেশ। ‘আমরা করব জয়’, ‘জনতার সংগ্রাম চলবেই’, ‘বিচারপতি তোমার বিচার করবে...এই জনতা’ ইত্যাদি গণসংগীতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে সাধারণ জনতা।দীপ্ত কণ্ঠে তারা আওয়াজ তুলেছে, ‘ক তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’, ‘এই রায় মানি না, রাজাকারের ফাঁসি চাই’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’।চার দিন আগে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহ্বানে শুরু হওয়া এই প্রতিবাদ সমাবেশ এখন সর্বজনীনতা পেয়েছে। সন্ধ্যা হতে না-হতেই সমাবেশস্থল মোম আর মশালের আলোয় উদ্ভাসিত হয় প্রেসক্লাব চত্বর। উদ্ভাসিত হয় চেতনার আগুনে। সেই চেতনা একাত্তরের, সেই চেতনা মুক্তিযুদ্ধের। মোম দিয়ে তাঁরা একাত্তরসহ নানা বক্তব্য তুলে ধরে।সন্ধ্যার আগে সমাবেশে উপস্থিত হন শহীদজায়া বেগম মুশতারী শফী। তিনি উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। শপথবাক্যে মুশতারী শফী বলেন, ‘স্বাধীনতাবিরোধী ঘাতক রাজাকার যুদ্ধাপরাধীদের এই দেশের মাটি থেকে নির্মূলে সর্বশক্তি নিয়োগ করব। শহীদজননী জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। লাখো শহীদের রক্তের নামে শপথ করছি যে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাব।’হাত তুলে সমবেত সবাই এই শপথবাক্য পাঠ করেন। এই শপথ আরেকটি যুদ্ধের। এই যুদ্ধ যুদ্ধাপরাধীদের ফাঁসির যুদ্ধ।