চট্টগ্রামে মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গতকাল রোববার সকাল থেকে কেলিব্রেশনহীন (কত দূরত্বে কী পরিমাণ ভাড়া আদায় হবে, তার হিসাব) মিটারযুক্ত সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়েছে।পুলিশ সূত্র জানায়, অভিযানের প্রথম দিন গতকাল রাত নয়টা পর্যন্ত মোট এক হাজার ছয়টি অটোরিকশার বিরুদ্ধে মামলা হয়। এ সময় জরিমানা আদায় করা হয় প্রায় ১৪ লাখ টাকা। এসব অটোরিকশার বিরুদ্ধে কেলিব্রেশনহীন মিটার চালানোর অভিযোগ আনা হয়।জানা গেছে, একটি অটোরিকশায় কেলিব্রেশন করা মিটার লাগানোর খরচ ৭০০ টাকা। পুলিশ প্রতিটি অটোরিকশাকে জরিমানা করে এক হাজার ৪০০ টাকা করে।নগর পুলিশের যানবাহন শাখার প্রধান উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, বুধবার পর্যন্ত এই অভিযান চলবে। এরপর কেলিব্রেশন করা মিটারের ভাড়ায় অটোরিকশা চলছে কি না, সেটি নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু হবে।নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনভর ট্রাফিক পুলিশ মোড়ে অটোরিকশা থামিয়ে মিটারের কেলিব্রেশন করা আছে কি না, তা পরীক্ষা করে দেখছে। কেলিব্রেশনহীন অটোরিকশার বিরুদ্ধে যানবাহন আইনে মামলা করা হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে দুপুরের পর থেকে নগরে অটোরিকশার চলাচল উল্লেখযোগ্য হারে কমে যায়। এ সময় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।বাংলাদেশ বেতার চট্টগ্রামের ঘোষিকা ফারহানা সাদেক তাঁর সন্তানকে নিয়ে স্কুল থেকে আগ্রাবাদের বাসায় ফেরার পথে টাইগার পাস মোড়ে এসে বিপাকে পড়েন। তিনি বলেন, ‘মিটারে চালানোর কথা থাকলেও এত দিন মিটার নষ্ট বলে চালকেরা খেয়ালখুশিমতো ভাড়া নিয়েছেন। এখন পুলিশের অভিযান চলছে, এমন স্থানে তাঁরা যেতেই চাচ্ছেন না। তাই আমরা পড়েছি বিপদে।’জানা গেছে, গতকাল বেশির ভাগ অটোরিকশা মালিকের গ্যারেজে চলে যায়। তবে গতকাল রাত পর্যন্ত মিটার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে অটোরিকশার দীর্ঘ সারি দেখা গেছে।নগরের ওয়াসার মোড়ে কর্মরত ট্রাফিক সার্জেন্ট আবদুল হক বলেন, ‘সরকারি আদেশ অমান্যকারী চালকদের বিরুদ্ধে এখন শুধু মামলা করে জরিমানা আদায় করছি। যারা বুধবারের মধ্যে কেলিব্রেশন করা মিটার লাগাবে না, তাদের পারমিট বাতিল করা হবে।’ চট্টগ্রাম মহানগর অটোরিকশা, অটোট্যাক্সি ও সিএনজি শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, ‘ট্রাফিক পুলিশের সঙ্গে বৈঠকে আমরা তিনটি দাবির কথা উল্লেখ করেছি। দাবিগুলো হলো, অর্ধবেলা গাড়ি চালালে ৩০০ টাকা জমা নিতে হবে। দৈনিক ইনকাম ৬০০ টাকা দিলেও রসিদের মাধ্যমে তা সমাধান করতে হবে। আর তৃতীয় দাবি হচ্ছে, কোনো মালিক চালকের কাছ থেকে দৈনিক ৬০০ টাকার বেশি আদায় করলে পুলিশ সেই মালিকের রুট পারমিট বাতিল করবে।সিএনজিচালক মোহাম্মদ জাফর বলেন, ‘মালিকেরা মিটার না লাগালে আমরা কী করব।’