চট্টগ্রামে মিটারে অটোরিকশার চলাচল পেছাল
চট্টগ্রাম নগরে আজ শনিবার থেকে সিএনজিচালিত অটোরিকশা মিটারে চলাচল বাধ্যতামূলক করার কথা থাকলেও তা হচ্ছে না। সব মিটারের ক্যালিব্রেশন (দূরত্ব অনুপাতে ভাড়ার পরিমাণ নির্ধারণ) সম্পন্ন না হওয়ায় এই উদ্যোগ পিছিয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে মিটারে চলাচল নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে ট্রাফিক পুলিশ।ট্রাফিক পুলিশ সূত্র জানায়, নগরে চলাচলকারী অটোরিকশার পরিমাণ প্রায় ১৩ হাজার। এর মধ্যে কেলিব্রেশন করা মিটার নিয়ে চলছিল দেড়-দুই হাজার অটোরিকশা। গত সপ্তাহে পুলিশের অভিযান শুরুর পর প্রায় সাড়ে ১১ হাজার অটোরিকশা কেলিব্রেশন করার জন্য জমা পড়ে পাঁচটি মিটার সরবরাহকারী প্রতিষ্ঠানে। এ পাঁচটি প্রতিষ্ঠান দিনে ৮০০-৯০০-এর বেশি মিটার কেলিব্রেশন করতে পারছে না। এ কারণে মিটারের ভাড়ায় অটোরিকশা পরিচালনা পিছিয়ে যায়।নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার মিটার সরবরাহকারী প্রতিষ্ঠান ও সিএনজিচালিত অটোরিকশার মালিকেরা আমাদের সঙ্গে বৈঠক করে এ সব সমস্যার কথা বলেছেন। এ কারণে আমাদের উদ্যোগ এক সপ্তাহের জন্য পেছাতে হয়েছে।’