গাড়িচালকের গাফিলতিতে প্রাণ গেল চার পোশাক-শ্রমিকের। আহত হয়েছেন সাতজন। গতকাল মঙ্গলবার চট্টগ্রমের চান্দগাঁওয়ে একটি মিনিবাস সংকেত অমান্য করে রেলক্রসিং পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটার জুলি আক্তার (৩০), কক্সবাজারের মহেশখালীর ইয়াছমিন আক্তার (১৯), চট্টগ্রামের চান্দগাঁও থানার রিয়া আক্তার (২০) ও আনোয়ারার রাখী বেবি (২০)। হতাহত ব্যক্তিরা সবাই চান্দগাঁও শিল্প এলাকার বেইজ টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার শ্রমিক।
এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আটক করা হয়েছে মিনিবাসের চালক মো. দিদারুল আলমকে (৩২)।
মিনিবাসের যাত্রী ও প্রত্যক্ষ-দর্শীদের ভাষ্য অনুযায়ী, চন্দনাইশ থানার দোহাজারী থেকে চট্টগ্রাম শহরগামী একটি লোকাল ট্রেন সকাল সোয়া আটটার দিকে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনটি বারবার ভেঁপু বাজাচ্ছিল। তার পরও রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে মিনিবাসটি। এটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে চান্দগাঁওয়ের সিঅ্যান্ডবি কলোনি থেকে শিল্প এলাকায় যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিং পার হওয়ার সময় মিনিবাসের চালকের কানে ছিল হেডফোন। যাত্রীরা ও আশপাশের লোকজন চালককে রেলক্রসিং পার না হতে ইশারা ও চিৎকার করলেও তিনি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। মিনিবাসটি রেলক্রসিংয়ে ওঠার পর বন্ধ হয়ে যায়। মুহূর্তে ট্রেনটি এসে পড়ে। ট্রেনের ধাক্কায় মিনিবাসটি প্রায় ৪০ গজ দূরে ছিটকে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় এটি। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সুইটি নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি ও আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা নিয়েছেন প্রাথমিক চিকিৎসা।
আহত শ্রমিক নমিতা রুদ্র বলেন, ‘ট্রেন আসার শব্দ শুনতে পেয়ে চালককে ওই সময় রেলক্রসিং পার না হওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলাম আমরা। কিন্তু কারও কথা না শুনে তিনি গাড়ি চালাতে থাকেন। এ সময় ভয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি।’
দুর্ঘটনার সংবাদ পেয়ে চান্দগাঁও শিল্প এলাকার তিন-চারটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা চিন কোং ফাইবার লিমিটেড ও স্মার্ট জিনস লিমিটেড কারখানায় ঢিল ছুড়ে কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে চান্দগাঁও শিল্প এলাকার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
চান্দগাঁও থানায় কথা হয় দুর্ঘটনাকবলিত মিনিবাসের চালক দিদারুল আলমের সঙ্গে। তিনি হেডফোন লাগিয়ে গান শোনার কথা অস্বীকার করে বলেন, ‘বিপদ আসছে। তাই দুর্ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ জ্বালানিহাট স্টেশন মাস্টার নেজাম উদ্দিন ও পরিবহন বিভাগের কর্মচারী টিটু দাশকে সাময়িক বরখাস্ত করেছে। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মিহির কান্তি গুহ বিষয়টি নিশ্চিত করেন।
বেইজ টেক্সটাইলের কনিষ্ঠ নির্বাহী (প্রশাসন) রতন দত্ত জানান, প্রাথমিকভাবে কারখানার খরচে নিহত শ্রমিকদের লাশ তাঁদের গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পরে বিজিএমইএ ও কারখানা কর্তৃপক্ষ বসে ক্ষতিপূরণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।