চট্টগ্রামে মিল্ক ভিটার শীতলীকরণ কেন্দ্র
চট্টগ্রাম শহরতলির পশ্চিম পটিয়ায় মিল্ক ভিটার দুধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নানক বলেন, চারদলীয় জোট সরকারের আমলে দুর্নীতি আর লুটপাটের কারণে মিল্ক ভিটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। বর্তমান সরকার সারা দেশে ৪০টি প্রকল্প স্থাপন করে দারিদ্র্য বিমোচনের উদ্যোগ নিয়েছে। পশ্চিম পটিয়ার কেন্দ্রে প্রতিবার সাত হাজার লিটার দুধ সংরক্ষণ করা যাবে। এতে স্থানীয় দুগ্ধ খামারিরা উপকৃত হবেন।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্ক ভিটা ইউনিয়নের চেয়ারম্যান হাসিব খান। এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা-পশ্চিম পটিয়া আসনের সাংসদ সাইফুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ কাদের সরকার, মিল্ক ভিটা ইউনিয়ন ব্যবস্থাপনা কমিটির সদস্য বেলাল হোসেন ভুঁইয়া, মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, পশ্চিম পটিয়া ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার প্রমুখ। পশ্চিম পটিয়ায় প্রতিদিন ৪০ থেকে ৪২ হাজার লিটার দুধ উৎপাদন হয়। সংরক্ষণের অভাবে প্রতিদিন দুধ নষ্ট হয়ে আসছিল।
স্থানীয় কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেন।