চট্টগ্রামে মিশনারি বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে তবেই অন্যকে সমৃদ্ধ করতে হবে। বিশ্বকে জয় করার মানসিকতা তৈরি করে সর্বস্তরে ছড়িয়ে পড়তে হবে। চট্টগ্রামের মিশনারি স্কুলগুলোর মতো মানসম্মত শিক্ষা সারা দেশের জন্য জরুরি।গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের পাথরঘাটার সেন্ট স্কলাসটিকাস হাইস্কুল মিলনায়তনে চট্টগ্রামে খ্রিষ্টান মিশনারি বিদ্যালয়গুলো থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেন জিল্লুর রহমান।চট্টগ্রাম ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ মজেস এম কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লেখক ফাহমিদা আমিন, চট্টগ্রাম ধর্মপ্রদেশের সহকারী বিশপ লরেন্স সুব্রত হাওলাদার। অনুষ্ঠানে চট্টগ্রাম ক্যাথলিক ধর্মপ্রদেশ পরিচালিত চারটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সনদ এবং ক্রেস্ট দেওয়া হয়।