চট্টগ্রামে মিয়ানমারের তরুণী গ্রেপ্তার, দীর্ঘদিন অবৈধভাবে বাংলাদেশে
চট্টগ্রাম শহরতলির কুলগাঁও এলাকার একটি বাড়ি থেকে গতকাল বুধবার সকালে মিয়ানমারের এক তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৈধ কাগজপত্র ছাড়া তিনি সাত বছর ধরে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি নিজের নাম দিলরুবা আক্তার চৌধুরী (২৬) বলে দাবি করেন। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, র্যাবের উপসহকারী পরিচালক আইয়ুব আলী খান মেয়েটির বিরুদ্ধে বিদেশি নাগরিক-সম্পর্কিত আইনে মামলা করেছেন। মেয়েটি মিয়ানমারের ইয়াঙ্গুনের বাসিন্দা। তাঁর আসল নাম সুনিতা। নাম পরিবর্তন করে তিনি দিলরুবা আক্তার চৌধুরী পরিচয় দিয়ে বাংলাদেশে বসবাস করছিলেন। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ছাইদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘দিলরুবা বিভিন্ন সময় মন্ত্রী-সাংসদ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে বলে সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন। চট্টগ্রামের আদালতের একজন হাকিম বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর গতিবিধি সন্দেহজনক। এ কারণে আমরা তাঁকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছি।’র্যাবের কর্মকর্তারা জানান, দিলরুবা ২০০৩ সাল থেকে ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করছেন। এ দেশে তিনি তিনটি বিয়ে করেন। তবে একটি বিয়েরও কাবিননামা তাঁর কাছে নেই।