চট্টগ্রামে মিয়ানমারের নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ছয়টি সোনার বারসহ মো. ছালাম (৪৫) নামের মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে পুলিশ৷ গত সোমবার রাত পৌনে তিনটার দিকে তাঁকে আটক করা হয়৷ এ সময় পুলিশ তাঁর জুতার ভেতর থেকে সোনা উদ্ধার করে৷
বাকলিয়া থানার পুলিশ সূত্র জানায়, সোমবার গভীর রাতে সেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন ছালাম৷ গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলরত পুলিশ তাঁকে চ্যালেঞ্জ করে৷ এ সময় তাঁর কাছে মিয়ানমারের পাসপোর্ট পাওয়া যায়৷ পরে তাঁর জুতার ভেতরে কৌশলে রাখা ছয়টি সোনার বার পাওয়া যায়৷
বাকলিয়া থানার ওসি মো. মহসীন জানান, জিজ্ঞাসাবাদে ছালাম বলেছেন, সোনার বারগুলো মিয়ানমার থেকে আনা৷ শাহ আমানত সেতু এলাকায় এসে তাঁর কাছ থেকে এক ব্যক্তির এগুলো সংগ্রহ করে নেওয়ার কথা ছিল৷