চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শনিবার থেকে
‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐক্য চাই’—এ স্লোগান নিয়ে আগামী শনিবার থেকে চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে ২৪তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে। এবার বিজয় মেলার অংশ হিসেবে নগরের লালদীঘির মাঠে আয়োজন করা হয়েছে ‘বিজয়ের বইমেলা ২০১২’। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মেলা পরিষদের সভাপতি ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীরা অনেক আস্ফাালন করবে। হুংকার দেবে। পাকিস্তান আমলেও জঙ্গি তৈরি হয়েছে। এখনো যুদ্ধাপরাধীরাই দেশে জঙ্গি তৈরির চেষ্টা করছে।’ বিজয় মেলা উপলক্ষে বইমেলা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাসের সঙ্গে যুক্ত করতে এবং পাঠ অভ্যাস বাড়াতেই এ বই মেলার আয়োজন করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রাঙ্গণের বিজয় মঞ্চে ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন আলোচনা সভা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রায় দুই শ স্টল থাকবে এবারের মেলায়। ১৯৮৯ সাল থেকে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে নগরের আউটার স্টেডিয়াম এলাকায় বিজয় মেলার আয়োজন করা হয়।