চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু
চট্টগ্রামের লালদীঘি মাঠে ২০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বীর উত্তম।উল্লেখ্য, গত বছরের মতো এবারও আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের নেতারা পৃথকভাবে বিজয় মেলার আয়োজন করেছেন। নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বাধীন সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ-২০১১-এর অনুষ্ঠান গতকাল শুরু হলো। আর নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ ১০ ডিসেম্বর থেকে আউটার স্টেডিয়ামে বিজয় মেলার আয়োজন করেছে।বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কে এম সফিউল্লাহ বলেন, বাঙালি জাতিকে কখনো দাবিয়ে রাখা সম্ভব নয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতাযুদ্ধ পর্যন্ত পাকিস্তানি হানাদারেরাও কখনো পারেনি। পারেনি বলেই লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।পরিষদের চেয়ারম্যান সাংসদ নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন এম রেজাউল করিম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এফ কে জাফর।সাংসদ নুরুল ইসলাম বলেন, দেশের যুব সম্প্রদায় এবং ছাত্রসমাজের মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শাণিত করার উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার এবং শাস্তির দাবি এত দিন শুধু দাবি হিসেবেই ছিল। এখন তা বাস্তবায়ন করা হবে। এ সরকারের আমলেই চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আব্দুচ ছালাম, গোলাম রাব্বানি, ইব্রাহিম হোসেন, মহীউদ্দিন রাশেদ, মাহমুদ হাসান, এম এ জাকের, মাহবুবুল হক মিয়া।মেলায় ‘ইতিহাস কথা কয়’ শিরোনামে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়কার আন্দোলনের বিভিন্ন চিত্র স্থান পেয়েছে।