চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের বিবৃতি, উপাচার্য আরিফের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের কঠোর সমালোচনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, আনোয়ারুল আজিম আরিফ জামায়াত-শিবির তোষণ ছাড়াও ক্যাম্পাসে পুত্র-পুত্রবধূ, তিন শ্যালিকা ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে অনৈতিকভাবে নিয়োগ দিয়েছেন। তিনি বরাবরই মুক্তিযোদ্ধাদের দাবিও উপক্ষো করে আসছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী যখন যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনা করছেন তখনই উপাচার্য পাঁচ মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ধৃষ্টতার পরিচয় দিয়েছেন।
২৩ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের বিরুদ্ধে জামায়াত-শিবির তোষণ ও স্বজনপ্রীতির অভিযোগে মুক্তিযোদ্ধারা অনশন কর্মসূচি পালনের উদ্যোগ নেয়। ওই দিন সকালে তাঁদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনার জন্য উপাচার্যকে দায়ী করেন আহত মুক্তিযোদ্ধারা। উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে আহত মুক্তিযোদ্ধাদের চাঁদাবাজ হিসেবে অভিহিত করেন। বিবৃতিদাতা মুক্তিযোদ্ধারা হলেন মৃদুল কান্তি দাশ, হাফেজ আহামদ, আবুল হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।