চট্টগ্রামে মুক্তিযোদ্ধা ভবন দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চট্টগ্রামের দারুল ফজল মার্কেটে মুক্তিযোদ্ধা ভবন দখলের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ও মহানগর ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের অয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন।সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা প্রশাসকের অনুমোদনক্রমে ১৯৭২ সালের পর থেকে এই ভবন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও ইউনিট কার্যালয় হিসেবে ব্যবহূত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কিছুসংখ্যক ব্যবসায়ী, স্বার্থান্বেষী মহল ও স্বাধীনতাবিরোধী চক্র তথাকথিত সমিতি গঠন করে নিলামের মাধ্যমে ভবনটি আত্মসাৎ করার ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে আগামী ৮ অক্টোবর মুক্তিযোদ্ধা ভবনের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক বশির উল্লাহ মজুমদার, জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম চৌধুরী, আবু নাসের চৌধুরী, মহানগর ইউনিটের যুগ্ম আহ্বায়ক মোজাফফর আহমেদ, নুরুল হক, শহিদুল হক চৌধুরী সৈয়দ প্রমুখ।