চট্টগ্রামে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তিন যুবকের যাবজ্জীবন
চট্টগ্রামের আনোয়ারায় মুক্তিযোদ্ধা আবু তাহেরকে গুলি করে হত্যার দায়ে তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে বেকসুর খালাস দেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন মুজিবুর রহমান, সাখাওয়াত ও ফরিদুল আলম। তাঁদের মধ্যে মুজিবুল ও সাখাওয়াত পলাতক আছেন। দণ্ডিত আসামিরা ওই সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ২ নভেম্বর আনোয়ারা উপজেলার ঊষাখাইন গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এর জের ধরে মুক্তিযোদ্ধা আবু তাহেরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর আবু তাহেরের ভাই মোহাম্মদ ইদ্রিস ১১ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেন।আদালত সূত্র আরও জানায়, আসামিদের বিরুদ্ধে ২০০০ সালের ২৭ মার্চ অভিযোগপত্র দাখিল এবং ২০০৩ সালের ১৩ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, নিহত মুক্তিযোদ্ধা আবু তাহের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ক্রিকেট খেলা নিয়ে গ্রামের ছেলেরা তাঁকে গুলি করে হত্যা করে। আদালত এ ঘটনায় ১১ জনের মধ্যে তিনজনকে ৩০২ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।