চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ১৪৯ সন্তানকে ভারতীয় হাইকমিশনের বৃত্তি দান
ভারতীয় হাইকমিশন গতকাল মঙ্গলবার চট্টগ্রামে মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দিয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেন, একাত্তরে ভারত যেমন মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল, আজও তাঁর দেশ বাংলাদেশের পাশে আছে। গোষ্ঠী বা দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠে একে অন্যকে সহায়তার মাধ্যমে দ্রুত অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নই হতে পারে দুই দেশের স্বপ্নপূরণের চাবিকাঠি। এ দেশের শিক্ষিত তরুণ প্রজন্ম তাদের আগের প্রজন্মের মতোই দুই দেশের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্যকে লালন করবে।গতকাল দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার ভারতীয় হাইকমিশনের সুরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আর এম নায়ার, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান ও আবু সালেহ। মাহফুজুর রহমান বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ভারত এক কোটি বাংলাদেশি শরণার্থীকে খাদ্য, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছে। মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দিয়েছে। ভারতের এই অবদান আমরা ভুলিনি, ভুলব না।’ অনুষ্ঠান শেষে চট্টগ্রামের উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মুক্তিযোদ্ধাদের ১৪৯ জন সন্তানের হাতে যথাক্রমে ছয় হাজার এবং ২৪ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ভারত সরকার ২০০৬ সাল থেকে মুক্তিযোদ্ধা পরিবারে উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি চালু করে।