চট্টগ্রামে মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দিয়েছে ভারতীয় হাইকমিশন
চট্টগ্রামে গতকাল বুধবার মুক্তিযোদ্ধাদের মেধাবী সন্তানদের মাঝে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। দুপুরে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামে উচ্চমাধ্যমিক থেকে স্নাতক শ্রেণীর মোট ১৭৬ জন শিক্ষার্থীকে গতকাল ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হয়। একই কর্মসূচির আওতায় ভারত সরকার সারা দেশের এক হাজার ২৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা স্কোয়াড্রন লিডার এইচ এস শিধুসহ মুক্তিযোদ্ধা অভিভাবকেরা। কমিশনার সিরাজুল হক খান বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী। মুক্তিযুদ্ধের সময় এ দেশের নিরস্ত্র মানুষের আশ্রয় ছিল ভারত। ভারত সরকারের এ মেধাবৃত্তি আমাদের জন্য শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতার চিহ্ন। তাই শিক্ষার্থীদেরও এ সুযোগকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জীবনে ভালো মানুষ হতে হবে।’ সোমনাথ ঘোষ বলেন, ‘আমরা জানি, এ দেশের বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থীর তুলনায় এ বৃত্তি খুবই নগণ্য। তারপরও কিছুসংখ্যক শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেওয়াকে আমরা মুক্তিযুদ্ধে যাঁরা লড়েছেন, তাঁদের প্রতি আমাদের সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস হিসেবেই দেখছি।’