চট্টগ্রামে মুচলেকা দিলেন ভুয়া চিকিৎসক
ভিজিটিং কার্ডে নামের আগে ‘ডা.’ ও নিচে লেখা ‘মা ও শিশুরোগে প্রশিক্ষণপ্রাপ্ত’। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জানা গেল, তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড় এসএসসি পর্যন্ত। এ দিয়েই নগরের বাকলিয়া থানাধীন সৎসঙ্গ বাস্তুহারা এলাকায় দীর্ঘদিন চিকিৎসক পরিচয়ে রোগী দেখে আসছিলেন রাসেল কান্তি নাথ নামের ওই ব্যক্তি।
অভিযানে ধরা পড়ার পর ওই ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে আর এই প্রতারণা করবেন না মর্মে মুচলেকাও দিয়েছেন তিনি। আজ বুধবার এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন জানান, ধরা পড়ার পর ভুয়া চিকিৎসক রাসেল কান্তি নাথ (এলাকায় আর কে নাথ নামে পরিচিত) স্বীকার করেন তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। কয়েক বছর আগে কক্সবাজার থেকে এফএলএফ নামের ছয় মাস মেয়াদি একটি প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করলেও সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। অভিযানে অন্যায় স্বীকার করে মাফ চাওয়ার কারণে তাঁকে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রতারণা করার চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে বলেও তাঁকে সতর্ক করা হয়েছে।