চট্টগ্রামে মুন্সিপুকুর রক্ষার দাবিতে সমাবেশ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুন্সিপুকুর ভরাট বন্ধ রাখার দাবিতে গতকাল শুক্রবার বিকেলে পুকুরপাড়ে সমাবেশ করেছেন স্থানীয় লোকজন। তাঁরা অবিলম্বে ভরাট-প্রক্রিয়া বন্ধ রেখে পুকুরটি সংরক্ষণের দাবি জানান।পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটি এই সমাবেশের আয়োজন করে। এতে আশপাশের আরও পাঁচটি মহল্লার লোকজন যোগ দেন। এ ছাড়াও এই আন্দোলনের সঙ্গে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) একাত্মতা ঘোষণা করে। প্রসঙ্গত কয়েক মাস ধরে সুকৌশলে প্রায় ৮০ শতক আয়তনের পুকুরটি ভরাট করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়েই এর ভরাটকাজ চলছে বলে জানা গেছে। গতকালের সমাবেশে সভাপতি ছিলেন পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির সভাপতি আবু তাহের। প্রধান অতিথির বক্তব্য দেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিকান্দর খান। বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, মহিলা ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, বেলার আনোয়ারুল ইসলাম চৌধুরী, চেম্বার অব কমার্স চট্টগ্রামের পরিচালক ছগির আহম্মদ, উন্নয়নকর্মী জেসমিন সুলতানা প্রমুখ। বক্তারা এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।