চট্টগ্রামে মুফতি ইজাহার গ্রেপ্তার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।
মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, মাদ্রাসায় জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর পুলিশ মুফতি ইজাহারকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মুফতি ইজাহারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরণ ও অ্যাসিড আইনে করা তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তাঁকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, ২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি ইজাহারের লালখান বাজারের মাদ্রাসায় কয়েকটি কক্ষে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মো. হাবিব, মো. জোবায়ের ও মো. নুরনবী নামে তিন ছাত্র নিহত হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা, বিস্ফোরক ও অ্যাসিড আইনে মুফতি ইজাহার, তাঁর ছেলে হারুন ইজাহারসহ ছয়জনকে আসামি করে খুলশী থানায় মামলা করে। তদন্ত শেষে তিনটি মামলায় মুফতি ইজাহার ও তাঁর ছেলেসহ ছয়জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।