চট্টগ্রামে মুফতি ইজাহারের মাদ্রাসায় পুলিশের অভিযান

চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় গতকাল শনিবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি। ইসলামী ঐক্যজোটের একাংশের সাবেক সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী মাদ্রাসাটির পরিচালক (মুহতামিম)।
অভিযান শেষে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) কাজী মুত্তাকী ইবনু মিনান সাংবাদিকদের বলেন, দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে লালখান বাজার মাদ্রাসায় অভিযান চালানো হয়। অভিযানে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। তবে কিছু উদ্ধার কিংবা কাউকে আটক করা হয়নি। কোনো তথে৵র ভিত্তিতে এই অভিযান চালানো হয়নি। মাদ্রাসায় অনেক আবাসিক ছাত্র রয়েছে। তাদের আশপাশে যাতে কোনো অপরাধী এসে আশ্রয় নিতে না পারে, সে জন্য সবাইকে বলে আসা হয়েছে।
মাদ্রাসার জে৵ষ্ঠ শিক্ষক ও পরিচালকের ছেলে হারুন বিন ইজাহার গতকাল সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, মাদ্রাসায় ৭০০ শিক্ষার্থী রয়েছে। কেউ অপরাধের সঙ্গে জড়িত নয়। পুলিশ যেকোনো সময় অভিযান চালাতে পারে। এখানে গোপন কিছুই নেই।
২০১৩ সালের ৭ অক্টোবর এই মাদ্রাসায় বোমা বিস্ফোরণে ছাত্রসহ তিনজন নিহত হন। এ ঘটনায় হত্যা, বিস্ফোরক ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ। মামলায় মুফতি ইজাহার ও তাঁর ছেলেকে আসামি করা হয়। তাঁরা এই মামলায় জামিনে রয়েছেন। আদালতে এসব মামলার বিচার চলছে।