চট্টগ্রামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজ্জাদ বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির মালিকের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গতকাল বুধবার ভোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজ্জাদ বাহিনীর তিন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। চাঁদা না পেয়ে তারা বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেয়। শিবিরের ক্যাডার সাজ্জাদ চট্টগ্রামের চাঞ্চল্যকর আট খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত। বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া সাজ্জাদ বাহিনীর সদস্যরা হলেন মো. আকবর ওরফে জুনিয়র ঢাকাইয়া আকবর (২০), আজিজ মোহাম্মদ (২২) ও মোহাম্মদ বাবুল (২২)। তাঁদের কাছ থেকে একটি একনলা বিদেশি বন্দুক, একটি দোনলা বন্দুক ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বায়েজিদ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। গতকাল তিনজনকে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে হাজির করা হয়। তাঁরা মিস্ত্রির বেশে থাকেন বলে স্বীকার করেন। সাজ্জাদের অনুপস্থিতিতে বায়েজিদ থানার চালিতাতলীর ম্যাক্সন, সরোয়ার ও মহিনসহ তাঁদের একটি বাহিনী চাঁদাবাজি করছে। পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, বায়েজিদ ও আশপাশের এলাকায় নতুন বাড়িঘর নির্মাণের আগে সাজ্জাদ বাহিনীকে চাঁদা দিতে হয়। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।