চট্টগ্রামে মৃদাত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
চট্টগ্রামে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃদাত শারিমা রহমান হত্যা মামলায় সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। মৃদাতের বাবা মো. মিজানুর রহমান গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে সাক্ষী দেন। গত বছরের ২১ অক্টোবর সন্ধ্যায় নগরের আমিরবাগ আবাসিক এলাকার একটি বাড়ির ছাদে কথিত প্রেমিক তোহার ছুরিকাঘাতে মৃদাত খুন হন। ওই রাতে মৃদাতের বাবা কোতোয়ালি থানায় একটি মামলা করেন। দুই দিন পর মামলার প্রধান আসামি তোহাকে পুলিশ গ্রেপ্তার করে। আদালত সূত্র জানায়, গত বছরের ২৪ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তোহা। প্রেমের সম্পর্ক ছিন্ন করায় তিনি মৃদাতকে ছুরিকাঘাতে খুন করেন বলে স্বীকার করেন।মিজানুর রহমান গতকাল আদালতে হত্যাকাণ্ড সম্পর্কে বর্ণনা দেন। আজ মঙ্গলবার বাদী তাঁর বক্তব্য শেষ করবেন বলে জানা গেছে। এরপর তাঁকে আসামির কৌঁসুলি জেরা করবেন।