চট্টগ্রামে মে দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো চট্টগ্রামেও পালিত হয়েছে মহান মে দিবস। গত বৃহস্পতিবার সরকারি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোতে উচ্চারিত হয়েছে শ্রমিকদের অধিকার বঞ্চনার কথা। শ্রমিকেরাও দাবি জানিয়েছেন ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আলোচনা সভার আয়োজন করেছিল। আয়োজনে সহযোগিতা করেছে জেলা প্রশাসন। চট্টগ্রাম যুগ্ম শ্রম পরিচালক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে নগরের লালদীঘি ময়দানে নগর শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন বৃহস্পতিবার সকালে করপোরেশন চত্বর থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় অংশ নেন সিটি মেয়র মন্জুর আলমসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম হালকা মোটর চালক-শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা নির্মাণশ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নগরে পৃথকভাবে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া নগরের চেরাগীর মোড়ে বৃহস্পতিবার বিকেলে ‘জয়ধ্বনি জীবনের মুক্তির শপথের, জনতার শ্রমিকের বিশ্ব পতাকা’ শিরোনামে দিনটি যৌথভাবে উদ্যাপন করেছে চারটি সংগঠন। সংগঠনগুলো হচ্ছে ‘সমাজসমীক্ষা সংঘ’, ‘তারুণ্যের উচ্ছ্বাস’, ‘ফেইম স্কুল অব ড্রামা’ ও ‘দৃষ্টি চট্টগ্রাম’। তাদের আয়োজনে ছিল আলোচনা সভা, নাটক, আবৃত্তি ও পেশাজীবী-শ্রমজীবী বিতর্ক।