চট্টগ্রামে মেঘনার কার্যালয়ে ছাত্রলীগ নেতাদের ভাঙচুর
সড়কের আস্তরণ হিসেবে ব্যবহার্য বিটুমিন বিক্রি করতে রাজি না হওয়ায় ছাত্রলীগের তিন নেতা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিপণন) মীর সাইফুল্লাহ আল খালেদের কক্ষে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এ ভাঙচুরের ঘটনা ঘটে।ওই তিন ছাত্রনেতা হচ্ছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি শাখাওয়াত হোসেন (বাবুল), সরকারি বাণিজ্য কলেজ ছাত্রলীগের একাংশের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন (শান্ত) ও কলেজ ছাত্রলীগের একাংশের সাবেক সহসভাপতি হারিছ মো. সিকদার (জনি সিকদার)।মেঘনা পেট্রোলিয়াম কর-পোরেশনের মহাব্যবস্থাপক আলীম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দুপুরের দিকে তিন যুবক উপমহাব্যবস্থাপকের কক্ষে ঢুকে ৫০০ ড্রাম বিটুমিন কিনতে চান। কিন্তু নীতিমালার বাধ্যবাধকতার কারণে তাঁদের বিটুমিন দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। এর পরই তাঁরা উত্তেজিত হয়ে প্রথমে চিৎকার-চেঁচামেচি এবং একপর্যায়ে কক্ষে ভাঙচুর করেন।কাচ ভাঙচুরের কথা স্বীকার করে শাখাওয়াত হোসেন বলেন, ‘শান্ত (জাহাঙ্গীর হোসেন) ভেঙেছেন। তিনি নিয়মের বাইরে গিয়ে বিটুমিন দেওয়ার জন্য কর্মকর্তাদের ওপর চাপ দিয়ে যাচ্ছিলেন। আমি ও জনি সিকদার এর বিরোধিতা করি। একপর্যায়ে জনি সিকদারকে মারধর করেন শান্ত। এরপর কর্মকর্তার টেবিলের কাচ ভাঙচুর করেন।’অন্যদিকে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি নই, বাবুলই (সাখাওয়াত হোসেন) কাচ ভাঙচুর করেন। বাবুল আর জনি মামা-ভাগিনা সিন্ডিকেট নামে পরিচিত। আমি মেঘনা কার্যালয়ে আসার পর তাঁরা দুজন আসেন। সেখানে এসে বিটুমিন নিয়ে মেঘনার কর্মকর্তাদের বাগিবতণ্ডা হয়।’ জাহাঙ্গীর হোসেন দাবি করেন, এ ঘটনার পর স্থানীয় ও কলেজ ছাত্রলীগের নেতারা বাবুল ও জনি সিকদারকে মারধর করেছেন। জানা যায়, ঘটনার পর আরও পাঁচ মিনিট ওই তিন যুবক মেঘনা কার্যালয়ে ছিলেন। এ সময় তাঁদের সহযোগীরা মেঘনা কার্যালয়ের নিচতলায় অবস্থান করছিলেন। বিটুমিন কিনতে না পারায় এ সময় তাঁদের নিজেদের মধ্যে হাতাহাতি হয়। শেষ পর্যন্ত স্থানীয় কয়েকজন নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।জানা গেছে, গত ১২ জুন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিটুমিন বিপণনের নীতিমালা জারি করে। নীতিমালা অনুযায়ী সড়ক উন্নয়নকাজে স্বীকৃত কোনো ঠিকাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিটুমিন কিনতে পারবে না। মেঘনার একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নীতিমালা জারির পর থেকেই ছাত্রলীগের নেতারা আর আগের মতো করে বিটুমিন কিনতে পারছিলেন না। এর পরও তাঁরা বিভিন্ন সময় কিছু কাগজপত্র উপস্থাপন করে বিটুমিন নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই সব কাগজ ভুয়া প্রমাণিত হয়েছে। ফলে তাঁদের আর বিটুমিন দেওয়া সম্ভব হচ্ছিল না। এতে এসব ছাত্রনেতা মেঘনার কর্মকর্তাদের ওপর খেপে যান। মেঘনার মহাব্যবস্থাপক (বিপণন) আলীম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এক মাসে মাত্র ১৫০০ ড্রাম বিটুমিন পেয়েছি। কিন্তু তাঁরা এসে আমাদের কাছে ৫০০ ড্রাম বিটুমিন দাবি করেন। এটা আমরা কীভাবে দিই?’