চট্টগ্রামে মেডিকেল ভর্তি-ইচ্ছুকদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে অবস্থান কর্মসূচি চলাকালে আধা ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করে তাঁরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘সম্মিলিত শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। এ সময় বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। এ দিকে শিক্ষার্থীরা অন্যান্য দিনের মতো আজ সড়ক অবরোধ করেননি।
অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। দুপুর আড়াইটা থেকে বেলা তিনটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন তাঁরা।
শিক্ষার্থীরা ‘প্রশ্ন যদি হবে ফাঁস, পড়ব কেন বারো মাস’, ‘শিক্ষার্থীদের শ্রম, মেধা, স্বপ্ন ও যোগ্যতা নিয়ে আর কত ছিনিমিনি’, ‘প্রশ্ন ফাঁস বারো মাস, এই আমাদের বাংলাদেশ’ স্লোগান সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অভিভাবক উম্মে সালমা, রায়হানা হোসেন, নাজনীন আক্তার, নাসরিন আক্তার ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় প্রকৃত মেধার মূল্যায়ন হয়নি। এতে যোগ্যতা থাকা সত্ত্বেও মেধাবীরা ভর্তি হওয়ার সুযোগ পায়নি। এ জন্য এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থী অনিরুদ্ধ বড়ুয়া জানান, ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।