চট্টগ্রামে মেডিকেল ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের সমাবেশ
মেডিকেলে ভর্তি-ইচ্ছু শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশ করেছেন। এতে তাঁরা জিপিএর পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের দাবি জানান। সমাবেশে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন বক্তব্য দেন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের সভাপতি মাহফুজুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী, চিকিৎসক সুশান্ত বড়ুয়া, চট্টগ্রাম কলেজের শিক্ষক ইদ্রিস আলী, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস প্রমুখ।সমাবেশে বক্তারা মেডিকেলে ভর্তির ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তের সমালোচনা করেন। কারণ, ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা যেখানে দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েছেন, সেখানে হঠাৎ করে ভর্তি পরীক্ষা বাদ দিয়ে জিপিএর মাধ্যমে মেডিকেলে ভর্তি প্রক্রিয়া চালুর ঘোষণা অনাকাঙ্ক্ষিত। এতে ভর্তি-ইচ্ছু অনেক ছাত্রছাত্রীই ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন বক্তারা। তাঁরা এসব সম্ভাবনাময় শিক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবে ভর্তি পরীক্ষা বহাল রাখার ব্যাপারে সরকারের মনোযোগ আকর্ষণ করেন।