চট্টগ্রামে মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের সমাবেশ পণ্ড, ঢাকায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সমাবেশ পুলিশ পণ্ড করে দিয়েছে। ছাত্রদের আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে পুলিশ চট্টগ্রাম শহীদ মিনার চত্বর ও আশপাশ এলাকা থেকে ছাত্রশিবিরের কর্মী, কোচিং সেন্টারের কর্মকর্তাসহ আটজনকে গ্রেপ্তার করে। রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ‘সংহতি সমাবেশ’ করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টায় মুখে কালো কাপড় বেঁধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তাঁরা। চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম শহীদ মিনার ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা শিক্ষার্থীরা গত সোমবার নগরের জিইসি মোড়ে সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন। ভিডিও ফুটেজ দেখে তাঁদের কয়েকজনকে বহিরাগত হিসেবে পুলিশ চিহ্নিত করে। গতকাল আবার সমাবেশ করার জন্য জড়ো হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা শিক্ষার্থীরা হলেন জালাল আহমদ, মো. আশিক উদ্দিন, সিলেট মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ রিজভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি দীপঙ্কর ঘোষ, খুলনা মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র খায়রুল ইসলাম নিপুণ, ফখরুদ্দীন, মো. নাজিম উদ্দিন ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী মাসউদ-ই হাসান মামুন। তাঁদের মধ্যে খুলনা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র খায়রুল ইসলাম একটি কোচিং সেন্টারের কর্মকর্তা বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন কোচিং সেন্টারসহ একটি মহল সমাবেশের মাধ্যমে আন্দোলনরত ছাত্রদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে বহিরাগতদের চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, ন্যায়সঙ্গত দাবি আদায়ে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির ঘোষনা না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। কিন্তু সরকার তার অবস্থান থেকে সরে না এসে উল্টো শিক্ষার্থীদের লাঠিপেটা করছে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।