চট্টগ্রামে মেধাবী ছাত্র হিমেল হত্যায় ছয় আসামির মৃত্যুদণ্ড
মেধাবী ছাত্র হিমেল দাশ হত্যা মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।
হত্যা ছাড়াও অপহরণ, হত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা হলেন মাহমুদুল ইসলাম, সুনীল দাশ, মিজানুর রহমান, মো. হোসেন, নজরুল ইসলাম ও মো. সেলিম। তাঁদের মধ্যে সুনীল দাশ হিমেলের দূরসম্পর্কের চাচা। আসামিদের মধ্যে মো. হোসেন ও মো. সেলিম পলাতক। বাকিরা কারাগারে আছেন।
২০১১ সালে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল হিমেল। পরীক্ষার ফল ঘোষণার চার দিন আগে ওই বছরের ৮ মে তাকে অপহরণ করে বান্দরবানে নিয়ে যাওয়া হয়। পরদিন সেখানে তাকে হত্যা করেন আসামিরা। হিমেল এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতেও সে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হিমেলের মা ও মামলার বাদী পাপিয়া সেন। গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে তিনি প্রথম আলোকে বলেন, ‘ছেলে হারানোর পর আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম। ছেলেকে তো আর ফেরত পাব না, কিন্তু ন্যায়বিচার পেলাম। এখন একটাই চাওয়া, দ্রুত রায় কার্যকর হোক।’
অপহরণের পাঁচ দিন পর হিমেলদের বাসা থেকে মুক্তিপণের টাকা আনতে গেলে স্বজনেরা মাহমুদুলকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ মাহমুদুলের দেওয়া তথ্যানুযায়ী ১৪ মে (২০১১ সাল) বান্দরবানের দুর্গম নাগাঝিরি পাহাড়ি এলাকা থেকে হিমেলের লাশ উদ্ধার করে। মাহমুদুলকে জিজ্ঞাসাবাদ করা হলে হিমেলের দূরসম্পর্কের চাচা সুনীলসহ অন্য আসামিদের জড়িত থাকার তথ্য পায় পুলিশ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের বলেন, আসামিদের বিরুদ্ধে কিশোর হিমেলকে অপহরণ করে হত্যার অভিযোগ প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। সে কারণে আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। সম্পত্তির লোভে হিমেলকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, মৃত্যুদণ্ড ছাড়াও আইনের বিভিন্ন ধারা অনুযায়ী প্রত্যেক আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় (অপহরণের শাস্তি) আসামি নজরুল ছাড়া বাকি পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় (আলামত গোপন) চার আসামিকে সাত বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর বাইরে মৃত্যুদণ্ডের সঙ্গে সব আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১২ সালের ২৭ আগস্ট ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় সাক্ষী ছিলেন ১৫ জন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের জানান, অর্থদণ্ডের টাকা আসামিদের বিদ্যমান সম্পত্তি বা ভবিষ্যতে মালিক হবেন—এমন স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে সংগ্রহ করে হিমেলের মা পাপিয়া সেনকে বুঝিয়ে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।