চট্টগ্রামে মেয়র হাউস নির্মাণের ওপর স্থিতাবস্থা রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের টাইগার পাস এলাকায় পাহাড় কেটে মেয়র হাউস নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পাহাড় পরিদর্শন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালককে (তদারকি) নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।

পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নিতে এবং নির্মাণসামগ্রী সিটি করপোরেশনের নিজ খরচে অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে মাটি ভরাট করে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম সিটি করপোশেনের মেয়র, চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলের জবাব দিতে বল হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।