চট্টগ্রামে মোটরসাইকেল চুরি হয়, উদ্ধার হয় না
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি বাণিজ্যিক ভবনের নিচে মোটরসাইকেলটি রেখে ওপরে যান ব্যবসায়ী মোস্তফা ইকরাম পারভেজ। দুই মিনিট পর নিচে নেমে দেখেন গাড়িটি নেই। এ ঘটনায় নগরের ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হলেও দুই বছরেও মোটরসাইকেলটির হদিস পায়নি পুলিশ।
গাড়ি উদ্ধার ও চোরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে দাবি পুলিশের। অপরদিকে ব্যবসায়ীর অভিযোগ, পুলিশের সঙ্গে চোর চক্রের যোগসাজশ থাকায় পুলিশ ধরতে পারছে না। গত ছয় মাসে প্রায় আড়াই শতাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও পুলিশ উদ্ধার করেছে মাত্র ২০টি গাড়ি।
শুধু ওই ব্যবসায়ী নন, নগরের বিভিন্ন স্থানে প্রতিদিনই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। মামলা করতে গেলে থানা পুলিশ অনেক সময় মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) নেয়। এরপর গাড়ি উদ্ধার ও চোর গ্রেপ্তারে কোনো অগ্রগতি থাকে না বলে একাধিক ভুক্তভোগীর অভিযোগ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় নগর গোয়েন্দা পুলিশ চোর ও দলনেতাদের একটি তালিকা তৈরি করেছে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
যত্রতত্র গাড়ি না রেখে পার্কিংয়ে তালাবদ্ধ করে গাড়ি রাখার জন্য অনুরোধ জানান বাবুল আক্তার। এতে গাড়ি চুরি কম হবে বলে তার ধারণা।
পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তা, কোনো শপিং মল, কিংবা অফিস আদালতের নিচে মোটরসাইকেল রেখে চালক কোথাও গেলে মুহূর্তের মধ্যে সেই গাড়ির তালা ভেঙে চুরি করে চোরের দল। এ ক্ষেত্রে তারা বিশেষ চাবি ব্যবহার করে। পরে গাড়ির রং পাল্টিয়ে তুলনামূলক কম দামে বিক্রি করে দেয়। চুরি করার পর গাড়িতে প্রেস কিংবা সাংবাদিক লাগিয়ে দেয়। যাতে নির্বিঘ্নে গাড়িটিকে গন্তব্যস্থলে নিয়ে যেতে পারে। গত ২৮ জুন নগর গোয়েন্দা পুলিশ প্রেস লেখা চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। মোটরসাইকেল চোর আজিজ পুলিশকে জানান, প্রেস লেখা থাকলে সহজে পুলিশ ধরে না।
নগর গোয়েন্দা পুলিশের মোটরসাইকেল চোর শনাক্ত দলের সদস্য এসআই সন্তোষ চাকমা জানান, চুরি করার পর মোটরসাইকেলগুলো সন্দ্বীপ, ফটিকছড়িসহ দুর্গম এলাকায় নিয়ে যায়। সেখানে কিছু গ্যারেজে রেখে গাড়ির রং পাল্টানো হয়। একটি গাড়ির যন্ত্রাংশ খুলে আরেকটিতে লাগানো হয়। এক থেকে দেড় লাখ টাকার গাড়ি বিক্রি করা হয় ৬০ থেকে ৭০ হাজার টাকায়।
যাদের খুঁজছে পুলিশ: সাত মামলার আসামি মোটরসাইকেল চোর চক্রের দলনেতা ফটিকছড়ির মোক্তার হোসেন, তিন মামলার আসামি হালিশহরের আবুল কাশেম, জয়নাল আবেদীন, মানিক, কামরুল হাসান, ইউসুফ, রায়হান, জুয়েল হোসেন, ইকবাল হোসেন, আক্কাস, রেজাউল করিম, খোকন, আলাউদ্দিন, শহিদ উল্লা, ইউনুস, ইসমাইল, ইকবাল, সুকুমার দাশ, মাজহারুল ইসলাম, সাজেদুল হক, মোমিন উদ্দিন, পারভেজ, মকবুল হোসেন, জাহাঙ্গীর আলম, সাইফুল, সালাহ উদ্দিন, মামুন, নাজিম উদ্দিন, রানা, রুবেল, ইব্রাহীম, সুমন, রমজান, সানি জুবায়ের, আবুল কালাম ও কবির হোসেনসহ ৫৮ জন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুই থেকে চারটি করে মামলা রয়েছে নগরের বিভিন্ন থানায়।