চট্টগ্রামে মেয়র পদে বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির এক নেতাসহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সাধারণ কাউন্সিলর পদে ৭২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের ষষ্ঠ দিনে তাঁরা জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, গতকাল পর্যন্ত মেয়র পদে ১১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৯ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন খুলশী থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক সরকারি কৌঁসুলি আবদুস সাত্তার, ইসলামি ফ্রন্ট-সমর্থিত এম এ মতিন এবং স্বতন্ত্র মোহাম্মদ শাহজাহান।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন আবদুস সাত্তার। মনোনয়নপত্র সংগ্রহ করার আগে তিনি বলেন, ‘আমি মনে করি, সরকার রাজনৈতিক কৌশল হিসেবে এ নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরাও প্রতিবাদ ও আন্দোলনের কৌশল হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। তবে হাত-পা বেঁধে একজন লোককে যেভাবে সাঁতার কাটতে বলা হয়, সরকার ওই রকম পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন দিচ্ছে। নির্বাচন করার জন্য এখনো লেভেল প্লেয়িং গ্রাউন্ড সৃষ্টি হয়নি। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বর্তমান রিটার্নিং কর্মকর্তা আস্থা সৃষ্টি করতে পারেননি। তাই আমার আশঙ্কা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না।’
বিএনপির সমর্থন প্রসঙ্গে আবদুস সাত্তার বলেন, ‘দল এখনো কাউকে সমর্থন দেয়নি। তবে তৃণমূল থেকে রাজনীতি করে আসা ব্যক্তিকে দল সমর্থন দেবে বলে আশা করছি।’
আবদুস সাত্তারের অভিযোগ অস্বীকার করে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, এখনো পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই কাউন্সিলর পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন সিটি করপোরেশনের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী ও ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এহতেশামুল হক।
রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ওই দুই প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে এলাকায় নতুন করে পোস্টার সাঁটিয়েছেন। তাই তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।