চট্টগ্রামে মেয়র মনজুরের আপিল আবেদন খারিজ
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলমের আবেদন গতকাল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। মনজুরকে মেয়র পদে অকার্যকর চেয়ে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী মামলাটি করেছিলেন। মহিউদ্দিনের ওই মামলা খারিজ চেয়ে আবেদন করেছিলেন মনজুর। মনজুরের আবেদন খারিজের পর তাঁর বিরুদ্ধে মহিউদ্দিন চৌধুরীর করা মামলাটির শুনানিতে আর কোনো বাধা নেই।আদালত সূত্র জানায়, তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ শর্মা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম হুমায়ুন কবিরের সমন্বয়ে গঠিত নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গতকাল এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার এ বিষয়ে শুনানি হয়।হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মনজুরের বিরুদ্ধে গত বছরের ১৮ জুলাই মামলাটি করেছিলেন মহিউদ্দিন চৌধুরী। আরজিতে বলা হয়, মেয়র (মনজুর) হলফনামায় পিডিবির মামলার বিষয়টি গোপন করেছিলেন। তাঁর প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি করেছে বলে অভিযোগ এনে পিডিবি মামলা করেছিল। ওই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে মনজুরের প্রতিষ্ঠান পিডিবিকে ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা দেয়। কিন্তু এ বিষয়টি তিনি হলফনামায় উল্লেখ করেননি।