চট্টগ্রামে মেয়েদের সেরা বাওয়া স্কুল
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ (বাওয়া) এবার প্রথম স্থান অধিকার করেছে। এ ছাড়া জিপিএ-৫-এর দিক থেকে এটির অবস্থান তৃতীয়। প্রতিষ্ঠানটির ৩৯৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে ২৭৯ জন জিপিএ-৫ পেয়েছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৪৯ জন। সেবার একজন ফেলও করেছিল। সেই তুলনায় এবারের ফলাফল অনেক ভালো বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বাওয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবছর উন্নতি করছি। শিক্ষার্থী বাড়লেও আমরা শ্রেণীতেই শিক্ষার্থীদের সিলেবাস শেষ করানোর চেষ্টা করি। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আলাদা মনোযোগ রয়েছে শিক্ষকদের।’ ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে বাওয়া স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পরস্পরকে জড়িয়ে ধরে। কেউ কেউ আনন্দে কেঁদেও ফেলে। ফল ঘোষণার আগে থেকেই এখানে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় জমে যায় স্কুল প্রাঙ্গণে। মেয়ের ফল জানতে আসা অভিভাবক শামসুন নাহার বলেন, ‘উৎকণ্ঠায় ছিলাম। কিন্তু এখন মেয়ে জিপিএ-৫ পাওয়ায় ভালো লাগছে। ভালো ফলের জন্য স্কুলের ভূমিকা বেশি।’ আনন্দে আত্মহারা হয়ে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ স্বপ্নের কথাও জানিয়ে দেয়। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া ফাবিহা রাইদা সোহা বলেছে, ভবিষ্যতে সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হতে চায়।বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া মৌমিতা হোসেন বলেছে, ‘আমার মনে হয়, দেশের রাজনীতি ঠিকভাবে চলছে না। কেমন জানি একটা অস্থির পরিবেশ। এই অবস্থায় মেধাবী তরুণদের রাজনীতিতে আসা উচিত। তবে আমি রাজনীতিতে যাব না।’ শ্রেণীতে বরাবরই প্রথম স্থান অধিকার করা মৌমিতা ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে বলে জানায়। এভাবে মেধাবীরা কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, বেউ শিক্ষক, কেউবা আইনজীবী হওয়ার আশা ব্যক্ত করেছে।