চট্টগ্রামে মোটরসাইকেলসহ চোর চক্রের ছয়জন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার পুলিশ গত শুক্রবার রাতে ছয়জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এরা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই চক্রের একজন গতকাল শনিবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য পাঁচজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন জুয়েল হোসেন চৌধুরী (২৫), জয়নাল আবেদীন (২৭), মো. সেলিম ইকবাল (২৫), ইউসুফ (৪৫), মো. কামরুল হাসান (২৫) ও জয়নাল আবেদীন (৩২)। বায়েজিদ থানার একটি মামলার তদন্তের তথ্যের ভিত্তিতে কামরুল হাসান ও মো. ইউসুফকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের নিয়ে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, তাঁদের দলে রংপুরের সোহেল, ময়মনসিংহের সুমন ও সন্দ্বীপের কবির আছেন। তাঁরা এখন পলাতক। তবে কারাগারে বসে চুরির ব্যাপারে দিকনির্দেশনা দিচ্ছেন ফরহাদ ও মাজহার। মাস দেড়েক আগে তাঁরা গ্রেপ্তার হন। বিভিন্ন মামলায় তাঁরা হাজিরা দিতে এলে আদালত ভবন থেকে মুঠোফোনে তাঁরা চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পলাতক আরেকজন সরকারি দলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গডফাদার হিসেবে পরিচিত।চক্রের সদস্য ইউসুফ গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তিনি একজন গডফাদারসহ তাঁর দলের আরও কয়েকজনের নাম বলেন। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চক্রের সদস্য কবির একাই সন্দ্বীপের বিভিন্ন ব্যক্তির কাছে শতাধিক চোরাই মোটরসাইকেল বিক্রি করেছে। তাকে এখনো ধরতে পারিনি। তবে সন্দ্বীপ ছাড়াও চোরাই মোটরসাইকেলের বড় বাজার ফেনী ও নোয়াখালী। আমরা ছয়জনকে ধরে অনেক তথ্য পেয়েছি। আরও কয়েকজন পলাতক এবং দুজন কারাগারে আছে।’পুলিশ সূত্র জানায়, সম্প্রতি নগর ও শহরতলিতে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। চট্টগ্রামে কর্মরত তিন সাংবাদিকও এ ঘটনার শিকার। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিদিন একাধিক মোটরসাইকেল চুরির অভিযোগ পুলিশের নজরে আসছিল। কয়েক মাস ধরে কোনো কূলকিনারা করতে পারছিল না পুলিশ। কামরুল ও ইউসুফ গ্রেপ্তার হওয়ার পর এই চক্রের সব সদস্যের নাম বের হয়। আদালত সূত্র জানায়, ইউসুফ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রায়হান নামের একজন গডফাদারের নাম বলেন। বায়েজিদ থানা এলাকায় তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত। আবার জোটের শাসনামলে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রায়হান এই চক্রের একটি অংশের নিয়ন্ত্রণ করছেন।আদালতে জবানবন্দির আগে ইউসুফ গতকাল বায়েজিদ থানায় প্রথম আলোকে বলেন, ‘রায়হান ও জয়নাল আমাকে এই পেশায় এনেছেন। আমি আগে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতাম। আমার এক মেয়ে কলেজে এবং দুই মেয়ে স্কুলে পড়ে। চোরাই একটি মোটরসাইকেল বিক্রি হলে পাঁচ থেকে আট হাজার টাকা ভাগ পেতাম। আমি তিন মাসে ছয়টি মোটরসাইকেল চুরি করেছি। রায়হান ও জয়নালের নির্দেশে সব করেছি।’বায়েজিদ থানার ওসি মহিউদ্দিন বলেন, ‘রায়হানকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান চালিয়েছি। সে গা ঢাকা দিয়েছে।’ চোর চক্রের আরেক সদস্য জয়নাল বলেন, ‘আমি তিনবার গ্রেপ্তার হই। সর্বশেষ সপ্তাহ দুয়েক আগে মুক্তি পেয়ে দুটি মোটরসাইকেল চুরি করেছি। কারাগারে আমাদের দুই নেতা ফরহাদ ও মাজহার আছেন।’