দুটি ল্যাপটপ ও ৫৫টি মোবাইল সেট উদ্ধার
চট্টগ্রামে মোবাইল ফোন চোর চক্রের প্রধানসহ দুজন গ্রেপ্তার
চট্টগ্রামে মোবাইল ফোনসেট ও ল্যাপটপ চোর চক্রের দুই সদস্যকে পুলিশ গত শুক্রবার গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ৫৫টি চোরাই মোবাইল ফোনসেট, একটি ল্যাপটপ ও একটি নেটবুক (ছোট আকৃতির ল্যাপটপ) উদ্ধার করা হয়। কয়েক বছর ধরে তাঁরা এই পেশায় জড়িত বলে স্বীকার করেছেন।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন নগরের রহমত উল্লাহ (৪০) ও ছমিউদ্দিন (৪৫)। এঁদের মধ্যে রহমত চোর চক্রের সর্দার। তাঁর বাড়ি নগরের আগ্রাবাদ এলাকায়। আর ছমিউদ্দিন চোরাই মোবাইল ফোন ও ল্যাপটপের ক্রেতা। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলায়। আগ্রাবাদের সিঙ্গাপুর মার্কেটে তাঁর দোকান আছে। এ ছাড়া পুলিশ চোরাই ল্যাপটপ কেনার অভিযোগে সরকারি কমার্স কলেজের এক ছাত্রকে আটক করে। তবে তাঁকে মামলায় সাক্ষী হিসেবে দেখানো হবে। জানা গেছে, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। গত ২ ফেব্রুয়ারি মো. আনিছুর রহমান চৌধুরী (৩৮) নামের এক ব্যক্তির আগ্রাবাদের ব্যবসায়িক কার্যালয় থেকে দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোনসেট চুরি হয়। চোরের দল তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয়ের দরজা ভেঙে ফেলে। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়। পুলিশ সূত্র জানায়, এ চুরির ঘটনায় জড়িতদের ধরতে নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম কোতোয়ালি থানার এসআই সদীপের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ দল গঠন করেন। অন্য দুই সদস্য হলেন এসআই মো. নেজাম উদ্দিন ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মঈনুদ্দীন। পরে তাঁরা অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোনসেট বিক্রেতা ছমিউদ্দিনকে গ্রেপ্তার করেন। ছমিরের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রহমতকে।ছমিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তিন বছর ধরে আমি চোরাই মোবাইল ফোনসেটের ব্যবসা করছি। চট্টগ্রামের বাইরেও আমার অনেক ক্রেতা আছে। রিয়াজউদ্দিন বাজারের জনৈক আলাউদ্দিনের লোকজন আমাদের কাছে চোরাই মোবাইল ফোনসেট বিক্রি করে। রহমতের কাছ থেকেও কিনি। পরে তা ১০০/১৫০ টাকা লাভে আমরা তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করি।’ এসআই সদীপ কুমার বলেন, আলাউদ্দিন চট্টগ্রামে চোরাই মোবাইল ফোনসেটের অন্যতম ক্রেতা। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ইতিপূর্বে অনেক ছিনতাইকারী আলাউদ্দিনের কাছে চোরাই মোবাইল ফোনসেট বিক্রির কথা আমাদের বলেছে।’চোর ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলাউদ্দিনসহ রিয়াজউদ্দিন বাজারের দুই ব্যক্তি চট্টগ্রামের চোরাই মোবাইল ফোনসেটের অন্যতম ক্রেতা। অনেক পুলিশ কর্মকর্তা তাঁদের কাছ থেকে চোরাই মালামাল কেনেন। চোর চক্রের সর্দার রহমত বলেন, ‘মোবাইল ফোন চুরির কারণে মাস ছয়েক আগে একবার ২৩ দিন কারাভোগ করেছি।’ এসআই নেজাম উদ্দিন বলেন, রহমত আট-দশ বছর ধরে মোবাইল ফোনসেট ও অন্যান্য ইলেকট্রনিকস সামগ্রী চুরি করছে। তিনি দুবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। আগ্রাবাদের বিভিন্ন ব্যবসায়িক কার্যালয়ে গ্রিল কেটে কিংবা দরজা ভেঙে রহমতের নেতৃত্বে চোর চক্র মূল্যবান জিনিসপত্র চুরি করে।