চট্টগ্রামে মৌসুমের প্রথম বৃষ্টি, স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীর ঝাপটায় গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরে মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে। গ্রীষ্মের দাবদাহে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি জনমনে স্বস্তি এনেছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা হারুনুর রশীদ জানান, কালবৈশাখীর কারণে এই বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পাশাপাশি ৪৮ নটিকেল মাইল বেগে বাতাস বয়ে যায়। বজ্রপাতও হয়। মঙ্গলবার বেলা দুইটা থেকে পরবর্তী ১৫ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় কালবৈশাখীর কারণে আরও বৃষ্টি, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়। একই সঙ্গে নদীবন্দরগুলোর জন্য দুই নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।