চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি, নতুন এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও আশপাশের এলাকায় গতকাল শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বমোট ১৩২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। চট্টগ্রামে টানা তিন দিন বৃষ্টি হচ্ছে।গতকাল নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রবল বৃষ্টির কারণে মুরাদপুর, ষোলশহর, বাকলিয়া, চাক্তাই, হালিশহর, চকবাজার, কাপাসগোলাসহ নগরের নিচু এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে আছে। এতে সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতা: গত বৃহস্পতিবার রাতভর প্রবল বৃষ্টিতে নগরের কাপাসগোলা, বাকলিয়া, ডিসি রোড, মুরাদপুর, হালিশহর, বাদুড়তলা, চান্দগাঁও, চকবাজার, আগ্রাবাদ সিডিএ, এক্সেস রোড, ষোলশহর, বহদ্দারহাট, চাক্তাই, খাতুনগঞ্জসহ নিচু এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠেছে। এসব এলাকার বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। চরম দুর্ভোগের শিকার হন লোকজন। জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন চলাচল কম ছিল। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২৭ মিলিমিটার। পরে বিকেল তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি রেকর্ড করা হয় ১৩২ দশমিক দুই মিলিমিটার। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।ভূমিধস ও জলোচ্ছ্বাসের আশঙ্কা: পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবল থাকায় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে তিন ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, টেকনাফ, কক্সবাজারসংলগ্ন পার্বত্য এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় প্রবল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। ফলে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।