চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত ৩ নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে রেকর্ড পরিমাণ ৩৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবার বর্ষা মৌসুমে এক দিনে সর্বোচ্চ বৃষ্টির এটি নতুন রেকর্ড। এদিকে টানা বর্ষণের কারণে নগরের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ু প্রবল থাকায় উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা—এ তিনটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।সূত্র জানায়, গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের (৪৪-৮৯ মিলিমিটার বা আরও বেশি) পূর্বাভাস দিয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ মো. হারুনুর রশীদ জানান, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।সর্বোচ্চ বৃষ্টিপাত: গতকাল সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ৩৩০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয় ২১৭ দশমিক ৬ মিলিমিটার। এ ছাড়া গতকাল সকাল ছয়টা পর্যন্ত সন্দ্বীপে ২২৬ মিলিমিটার, ফেনীতে ১০৫ মিলিমিটার ও কক্সবাজারে ১০৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।টানা ভারী বর্ষণে নগরের কাপাসগোলা, বাকলিয়া, মাস্টারপুল, বহদ্দারহাট, চান্দগাঁও, হালিশহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, চাক্তাই, খাতুনগঞ্জ, ডিসি রোড, বাদুড়তলা, পাঁচলাইশ, আগ্রাবাদ কমার্স কলেজ ও মুরাদপুরসহ নগরের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি উঠে আসায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে, তবে দুপুরের পর নগরের বিভিন্ন এলাকার পানি নেমে যায়।