চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের ৩১ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক নির্ভয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর শপথ নিয়েছেন। বিভাগীয় প্রশাসন কর্তৃক দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের ওপর বিশেষ প্রশিক্ষণের শেষ দিনে আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তাঁরা এ শপথ নেন।
মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী প্রশিক্ষণের সমাপনী দিবসে তাঁদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের শপথবাক্য পাঠ করান। এর আগে গত শনিবার এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।
মুনীর চৌধুরী কর্মকর্তাদের প্রতি অভিযানের মাধ্যমে নাগরিক জীবনে শান্তি ও নিরাপত্তা বিধানের আহ্বান জানান। তিনি বলেন, খাদ্যে ভেজাল রোধ, যানবাহন চলাচলে বিশৃঙ্খলা, নদ-নদী ও খাল-বিল দখল, পরিবেশ দূষণ, ব্যবসা-বাণিজ্যে অনৈতিকতা, অবৈধ ইটভাটা নির্মাণ, সরকারি সম্পদ চুরি ও অপচয় বন্ধে মোবাইল কোর্টের বিকল্প নেই। এ ছাড়া ক্লিনিকে অপচিকিৎসা বন্ধেও তাৎক্ষণিক শাস্তি বিধানে ভ্রাম্যমাণ আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
পরিবেশদূষণ ও খাদ্যে ভেজাল রোধ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মুনীর চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, অভিযানের মাধ্যমে রাঘব বোয়ালদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান নিশ্চিত করার সুযোগ রয়েছে।