চট্টগ্রামে যাত্রা শুরু হলো মিনি মার্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পর চট্টগ্রামে যাত্রা শুরু করেছে চেইন শপ মিনি মার্ট। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের ষোলশহর শপিং কমপ্লেক্সের পাশে মিনি মার্ট উদ্বোধন করা হয়। মাইডাস ফাইন্যানসিং লিমিটেডের তত্ত্বাবধানে চট্টগ্রামের ২০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা এটি চালু করেন। এতে ঈদের পোশাক থেকে শুরু করে রান্নাঘরের সামগ্রীসহ সবকিছু পাওয়া যাচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইডাসের চেয়ারপারসন রোকেয়া আফজাল রহমান। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাবুল ইসলাম। বক্তব্য দেন মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আজম, চট্টগ্রাম মিনি মার্টের কো-চেয়ারম্যান রেজিয়া বেগম প্রমুখ।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের বাইরে রেখে শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্রঋণ চালু করেছে। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের চলার পথ সহজ নয়। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে তাঁদের কাজ করতে হয়। মাইডাসও আজকে এই পর্যায়ে এসেছে তাঁদের নিরলস পরিশ্রম ও উদ্যম দিয়ে। তাঁদের দেখে অন্যরাও এভাবে নারীদের স্বাবলম্বী করতে উত্সাহী হবেন। এতে করে অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈপ্লবিক পরিবর্তন হবে। নারী উদ্যোক্তাদের জন্য শিল্প মন্ত্রণালয়ের দ্বার সব সময় খোলা।রোকেয়া আফজাল রহমান বলেন, নারীরা আজ ঘরে আর বসে নেই। তাঁরা নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। সরকারি সাহায্য-সহযোগিতা পেলে নারীরা অনেক বেশি সৃষ্টিশীল কাজ করতে পারবেন। দেশের অর্থনীতিতে তাঁরা অনেক বেশি অবদান রাখতে পারবেন। এ জন্য তিনি সহজশর্তে ক্ষুদ্র ঋণদানের ওপর গুরুত্বারোপ করেন।পরে অতিথিরা মিনি মার্ট ঘুরে দেখেন। এর আগে ঢাকায় চারটি মিনি মার্ট চেইন শপ চালু হয়েছে।