চট্টগ্রামে যাত্রী পরিবহনের অভিযোগে পাঁচ ট্রাকসহ ১০ জন গ্রেপ্তার
যাত্রী পরিবহন করায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে পাঁচটি ছোট ট্রাকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পাঁচটি ট্রাকমালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।গত রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত নগরের পাহাড়তলী ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার এবং পাঁচটি মামলা দেওয়া হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, সুজন, নুরুল ইসলাম, নুরুল আমিন, মো. মাহাবুব, মো. সুমন, মো. আলমগীর, মিজান, হেলালুদ্দিন। তাঁরা সবাই ট্রাকচালক ও তাঁদের সহকারী। পাহাড়তলী থানার পুলিশ চারটি ও বায়েজিদ থানার পুলিশ একটি ট্রাক আটক করে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, মোটরযান আইনে ট্রাকে লোক পরিবহন নিষেধ। তাই পাহাড়তলীর সাগরিকা, অলংকার মোড় থেকে চারটি ছোট ট্রাক এবং চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়। বায়েজিদ থানা সূত্রে জানা গেছে, বায়েজিদ বোস্তামী মাজারের সামনে থেকে রাত তিনটার দিকে একটি ট্রাক আটক এবং চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া নগরের খুলশী থানা এলাকায় যাত্রী পরিবহন করায় পাঁচটি ট্রাক আটক করে মামলা দেওয়া হয়।