বাড়তি ভাড়া আদায়কে কেন্দ্র করে গতকাল রোববার সকালে চট্টগ্রামের বহদ্দারহাট ও ইপিজেড এলাকায় পরিবহনশ্রমিকদের সঙ্গে যাত্রীদের দফায় দফায় মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বহদ্দারহাটে যাত্রীরা দুটি বাস ভাঙচুর করার পর শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে বাস রেখে অন্তত আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।এদিকে, সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবিতে নগর পরিবহন মালিক সমিতির একাংশ আজ সোমবার থেকে ৪৮ ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সন্ধ্যায় বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মালিক সমিতির অন্য অংশটি বাস চলাচল বন্ধ রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে, মারামারির ঘটনার পর দিনভর নগরের বিভিন্ন যাত্রাপথে বাস ছিল কম। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।জানা গেছে, সকাল নয়টার দিকে বহদ্দারহাট মোড়ে সিটি সার্ভিসের ১ নম্বর রুটের একটি বাসের ভাড়া আদায়কারী নির্ধারিত ভাড়ার বেশি অর্থ আদায় করতে গেলে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে মারামারি লেগে যায়। একপর্যায়ে যাত্রীরা দুটি বাস ভাঙচুর করে। এতে শ্রমিকেরা সড়কের ওপর বাস রেখে অবরোধ করে। একইভাবে নগরের ইপিজেড এলাকায় দুপুরে যাত্রীদের সঙ্গে বাসশ্রমিকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, বাড়তি ভাড়া নেওয়াকে কেন্দ্র করে বহদ্দারহাটে গন্ডগোলের সূত্রপাত হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।বাস চলাচল ৪৮ ঘণ্টা বন্ধ রাখার কথা উল্লেখ করে পরিবহন মালিক সংগঠনগুলোর উপদেষ্টা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে চাই না। জ্বালানি তেলের দাম বেড়েছে। সরকার বাস ভাড়াও নির্ধারণ করে দিয়েছে। আমরা সরকার নির্ধারিত ভাড়া কার্যকরের দাবিতে ৪৮ ঘণ্টা বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’পরিবহন মালিক সংগঠনের অন্য অংশ তথা বাস-মিনিবাস-হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি এস এম তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘আমরা দুপুরে (রোববার) সভা করেছিলাম। বেশির ভাগ মালিক বাস বন্ধ রাখার পক্ষে মত দেন। তবে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি।’যাত্রীদের দুর্ভোগ: শ্রমিকেরা সড়ক অবরোধ করায় বহদ্দারহাট থেকে বিমানবন্দর এবং নিউমার্কেট পর্যন্ত দুটি রুটে সিটি সার্ভিস বাস চলাচল বন্ধ থাকে। মাঝেমধ্যে একটি-দুটি বাস চললেও সেগুলোতে ওঠা ছিল দায়। এতে অফিসমুখী যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। বহদ্দারহাট মোড়, আগ্রাবাদ, ইপিজেড, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় লোকজন বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় ছিল।চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, তাঁরা সরকার-নির্ধারিত ভাড়া আদায় করতে চান। তিনি বহদ্দারহাট মোড়ের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।