চট্টগ্রামে যাত্রীদের ভিড় ছিল কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে চট্টগ্রামে সাড়া মিলেছে কম। গতকাল শনিবার থেকে চট্টগ্রাম স্টেশনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের ভিড় ছিল না বলে বিভিন্ন গন্তব্যের পর্যাপ্ত টিকিট অবিক্রীত রয়েছে। শুধু চাপ ছিল ঢাকাগামী তূর্ণা-নিশীথার যাত্রীদের। গতকাল বিক্রি হয় আগামী ২২ অক্টোবরের টিকিট। আজ রোববার বিক্রি হচ্ছে ২৩ অক্টোবরের টিকিট। পর্যায়ক্রমে ঈদের আগের দিনের টিকিট বিক্রি হবে।গতকাল চট্টগ্রাম স্টেশনে গিয়ে যাত্রীদের ভিড় দেখা যায়নি। গতকাল সকাল সাতটা থেকে টিকিট বিক্রি শুরু হয়। ওই সময় ভিড় কিছুটা ছিল। তবে সকাল সাড়ে নয়টার পর যাত্রীদের ভিড় কমে আসতে থাকে।গতকাল ভিড় কম ছিল বলে যাত্রীরা অনায়াসে ট্রেনের টিকিট পেয়েছে। আগের মতো কেউ কালোবাজারি বা রেলের বিরুদ্ধে অভিযোগ করেনি। ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কিনতে আসা আবুল হোসেন বলেন, ‘সকাল সাড়ে নয়টায় এসে কাউন্টার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত দুটি স্নিগ্ধা টিকিট কিনেছি। ভাড়া বেড়ে যাওয়ার কারণে কালোবাজারিদের উৎপাত কমেছে বলে মনে হচ্ছে। এতে প্রকৃত যাত্রীরা উপকৃত হয়েছে।’ আবুল হোসেন আরও বলেন, ‘আগেও আমরা কালোবাজারিদের কাছ থেকে সুবর্ণ এক্সপ্রেসের প্রতিটি টিকিট ৭০০ টাকা দিয়ে কিনতাম। এখন আরও কম টাকা দিয়ে কাউন্টারে টিকিট পাচ্ছি, যার পুরোটা রেলের কোষাগারে চলে যাচ্ছে। তবে টিকিটের দাম বাড়লেও সেবার মান সেই অর্থে বাড়েনি। বিষয়টির দিকে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।’ রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা ছাড়াও সিলেট ও চাঁদপুর পথের বিভিন্ন গন্তব্যের আসনের সংখ্যা পাঁচ হাজার ৭০০। রেল ও সরকারি কোটা বাদে সাধারণ যাত্রীদের কাছে তিন হাজার ৮১২টি টিকিট উন্মুক্ত বিক্রির জন্য ছাড়া হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি আন্তনগর ট্রেনের টিকিট অবিক্রীত ছিল। জানতে চাইলে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক সামসুল আলম প্রথম আলোকে বলেন, ঢাকাগামী তূর্ণা-নিশীথার টিকিট মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। সেই তুলনায় অন্য আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ধীর গতিতে। ঢাকাগামী সুবর্ণসহ আরও কয়েকটি ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধা টিকিট অবিক্রীত রয়ে গেছে। রেলওয়ে সূত্র জানায়, এখনো ঈদের চাঁদ দেখা যায়নি। তাই অনেকে বাসাবাড়িতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। চাঁদ দেখা সাপেক্ষে বেশির ভাগ যাত্রী গন্তব্যে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।