চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে এক কেজি হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিটিগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে গত বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এক কেজি ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা। শ্যামলী পরিবহনের ওই বাসটি কুষ্টিয়া থেকে চট্টগ্রামে যাচ্ছিল। বাসে মালামাল রাখার স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটির চালক ইসমাইল, চালকের সহকারী বুলবুল ও সুপারভাইজার আসলামকে আটক করে বিডিআর পাহাড়তলী থানায় সোপর্দ করে। বাসটিও আটক করা হয়। পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর সন্ধ্যায় বলেন, ‘বিডিআর ওই তিনজনকে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’ কক্সবাজারের ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে চট্টগ্রামের বিডিআর সদস্যরা এই অভিযান চালান। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার কাছে খবর আসে, কুষ্টিয়া থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসযোগে হেরোইন আসছে। আমি টেকনাফে বসে বাসটিকে অনুসরণের জন্য আমাদের কিছু লোক নিয়োগ করি। পরে সিটিগেট এলাকায় বিডিআর সদস্যরা বাসটিতে তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার করেন।’