চট্টগ্রামে যানজট নিরসনে মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব
চট্টগ্রাম নগরের যানজট সমস্যা নিরসনে ‘সিভিল ট্রাফিক মনিটরিং কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ। গত শনিবার দুপুরে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) মিলনায়তনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এ প্রস্তাব করেন। সিসিসিআই ও ইংরেজি দৈনিক দি ইনডিপেন্ডেন্ট যৌথভাবে ‘ট্রাফিক জ্যাম অ্যান্ড কমিউনিকেশন প্রবলেম ইন চিটাগং’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে। এম এ লতিফ বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের যানজট নিরসনে সংশ্লিষ্ট পক্ষ, সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ‘সিভিল ট্রাফিক মনিটরিং কমিটি’ গঠন করা যেতে পারে। এ কমিটির কার্যক্রম ব্যাখ্যা করে সাংসদ বলেন, নির্দিষ্ট সময়ের ব্যবধানে কমিটি সভা করে নগরের ট্রাফিক-ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত করবে। সরকারি প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থা কমিটির সুপারিশ অনুসারে সমস্যা নিরসনে কাজ করতে পারে। বৈঠকে উপস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, চট্টগ্রামের ব্যবসায়ী নেতা এবং পরিবহন মালিক সমিতির নেতাদের মধ্যে কয়েকজন সাংসদের মনিটরিং কমিটি গঠন-সংক্রান্ত প্রস্তাব সমর্থন করেন। দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের ৯০ শতাংশই চট্টগ্রামকেন্দ্রিক। চট্টগ্রামে যানজটের প্রভাব দেশের ব্যবসা-বাণিজ্যেও পড়ছে। সড়কের অপ্রতুলতা, যানবাহনের সংখ্যা দ্রুত বৃদ্ধি ও ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় যানজট বাড়ছে। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করে ফোরাম ফর প্ল্যানড্ চট্টগ্রামের সম্পাদক প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া বলেন, যানজট নিরসনে পরিকল্পনা সেল ও নীতিমালা না থাকা, ট্রাফিক আইন লঙ্ঘন এবং পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে তিনি ‘মেট্রো প্ল্যানিং অর্গানাইজেশন’ গঠন করে ‘কনজেশন ম্যানেজমেন্ট প্রসেস’ প্রণয়নের প্রস্তাব করেন। বৈঠকে সভাপতিত্ব করেন সিসিসিআইয়ের প্রেসিডেন্ট ইনচার্জ মাহবুবুল আলম। বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রমুখ।