চট্টগ্রাম নগরের উত্তরাংশে গতকাল রোববার তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়ে নগরবাসী।
সূত্রমতে, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কর্মসূচির কারণে নন্দন কানন এবং সিনেমা প্যালেস থেকে লালদীঘি মোড় পর্যন্ত সড়ক প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। এতে অন্যান্য সড়কে যানজটের সৃষ্টি হয়। যানজটের তীব্রতা ছিল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে নন্দন কানন এলাকায় আরএফ পুলিশ প্লাজার উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। ওই এলাকায় তাঁর আসার আগেই দুপুর সাড়ে ১২টার দিকে নন্দন কানন এবং সিনেমা প্যালেস থেকে লালদীঘি মোড় পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণে নগরের ডিসি হিল, আন্দরকিল্লা, লাভ লেইন, কাজীর দেউড়ি থেকে প্রবর্তক মোড়, চকবাজারসহ নগরের উত্তরাংশের বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজট ছাড়াতে দুই-আড়াই ঘণ্টা লেগে যায়।
আইনজীবী মনতোষ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সড়ক বন্ধ করে যানজট সৃষ্টির মাধ্যমে নগরবাসীকে কষ্ট দেওয়া হচ্ছে কেন? নগরের একটি রাস্তা বন্ধ করে দেওয়া হলে চতুর্দিকের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ বিষয়টি কি পুলিশ কর্তারা জানেন না?’
খুলশী থেকে এম এম আলী সড়কের একটি স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে তীব্র যানজটের কবলে পড়েন ব্যবসায়ী আনিসুর রহমান। একপর্যায়ে তিনি ব্যক্তিগত গাড়ি থেকে নেমে হেঁটে স্কুলে পৌঁছান। বেলা ১টা ২০ মিনিটে স্কুল ছুটির পর তিনি অটোরিকশা নিয়ে বিকল্প পথে বাসায় যান।
আনিসুর রহমান বলেন, ‘যানজটের মধ্যে গাড়ির চাকা যেন ঘুরছিল না। এদিকে মেয়ের স্কুলও ছুটি হয়ে যাচ্ছিল। তাই গাড়ি থেকে নেমে হেঁটে স্কুলে পৌঁছাই।’
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিজানুর রহমান মুন্সি বলেন, সিনেমা প্যালেস থেকে লালদীঘি মোড় পর্যন্ত কয়েক মিনিট সড়ক বন্ধ রাখা হয়। তবে ওই সড়ক বন্ধের জন্য যানজট সৃষ্টি হয়েছে—তা পুরোপুরি সত্য নয়। কিছুদিন ধরে নগরে এমনিতে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। এ জন্য যানজট নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।