চট্টগ্রামে যুব মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেছেন, প্রজনন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা কার্যক্রম তরুণদের সুন্দর ভবিষ্যত্ বিনির্মাণে সহায়তা করবে। এর মাধ্যমে তাঁরা নিরাপদ কৈশোর ও তারুণ্য নিশ্চিত করতে পারবেন।
গতকাল শনিবার সকালে চট্টগ্রামের ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত যুব মেলায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) ইউনাইট ফর বডি রাইটস প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে ছিল শোভাযাত্রা, গোলটেবিল বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। অনুষ্ঠানে প্রায় ৩০০ তরুণ-তরুণী, চিকিত্সক, মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং কেন্দ্র ও সেবাকেন্দ্র স্থাপনের আশ্বাস দিয়েছেন মেয়র মন্জুর আলম।
এদিকে, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়াবলি সিলেবাসে অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত, উপসচিব মাহবুব হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোখলেসুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. শেখ মো. রুকুনুদ্দিন, সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক সৈয়দ মো. নুরুদ্দিন।