চট্টগ্রামে যুব মৈত্রীর জঙ্গিবাদবিরোধী মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ প্রতিরোধের দাবিতে যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটি গতকাল শুক্রবার বিকেলে মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য জঙ্গি হামলা করছে। এদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
নগরের দোস্ত বিল্ডিং চত্বর থেকে যুব মৈত্রীর নেতা-কর্মীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যুব মৈত্রী চট্টগ্রাম জেলার সভাপতি শরীফ চৌহান। বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কায়সার আলম, সহসভাপতি শিবু দাশ, সাংগঠনিক সম্পাদক নূরন্নবী আরিফ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে সাম্প্রদায়িক গোষ্ঠী পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। জঙ্গিবাদ মানবতার শত্রু। এখনই জঙ্গিবাদকে রুখতে হবে। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা প্রয়োজন।